ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪১ | অনলাইন সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ের রামরাবণ এলাকায় ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়, চলতি মাসের ১৩ই জানুয়ারি স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে দীর্ঘদিনের সহকর্মী কৃষ্ণচন্দ্র মনি দাসের বাড়িতে আসেন রাজ্জাক নামে এক ব্যক্তি। পরে কৃষ্ণচন্দ্রের বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি তার বোনের বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন অতিথিদের। অভিযোগ ওঠে, মধ্যরাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বেড়াতে আসা মুসলিম ওই নারী। ধর্ষণের পর তাদের সাথে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও সাথে থাকা অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়। মুহূর্তেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ঘটনাটিকে দেওয়া হয় সাম্প্রদায়িক তকমা।

এর পর ছায়া তদন্তে নামে ধামরাই থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে চারজনের সম্পৃক্ততার প্রমাণ পায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ধর্ষণের ঘটনার কোনো প্রমাণ পায়নি পুলিশ। ঘটনার ১০ দিন পর ২৩ জানুয়ারি ধামরাইয়ের রাবরাবণ এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রমাণ পায় পুলিশ। 

এর আগে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ২২ জানুয়ারি ধামরাই থানায় লিখিত অভিযোগ করলে মামলা নেয় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়োস চন্দ্র মনি দাস (৩০), শ্রী চরণ (৫০), সুভন (৩০) ও দিপু চন্দ্র মনি দাস (৪৫)। তারা ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে। তদন্ত চলছে, গুজব ছড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।