দিনাজপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রচার ও উদ্ধুদ্ধকরণে ইমাম সম্মেলন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

“দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন”—স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম এবং উপজেলা সদর নির্বাহী অফিসার তমলিকা পাল।

স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. মাহমুদার রহমান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম দ্বীন মওলানা মো. মতিউর রহমান কাশেমী, সহকারী অধ্যাপক (আরবি) ড. আ.ফ.ম আকমল হোসেন এবং কেন্দ্রীয় গৌর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দান মসজিদের ইমাম মওলানা মো. মাহফুজার রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মওলানা সাব্বির আহমাদ।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে নিবার্চন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোট গ্রহণ করা হবে তা যেন আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরির্বতনের চাবি এবার আপনারই হাতে। ‘হ্যাঁ’ ভোটে টিকচিহ্ন দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মাতি জ্ঞাপন করবেন। ১২ই ফেব্রুয়ারী আপনি নিজে ‘হ্যাঁ’ভোটের পক্ষে টিকচিহ্ন প্রদান করুন এবং অপরকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে টিকচিহ্ন দিতে উৎসাহিত করুন।