কারাফটকে স্ত্রী-সন্তানের লাশ ছুঁয়ে কাঁদলেন ছাত্রলীগ নেতা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ | অনলাইন সংস্করণ

  যশোর (খুলনা) প্রতিনিধি

যশোর কারাগারে বন্দি ছাত্রলীগ নেতাকে মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার ব্যবস্থা করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ সময় মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। তবে প্যারোলে মুক্তি মেলেনি তার।

শনিবার সন্ধ্যায় কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। এ সময় কারা ফটকে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কারা কর্তৃপক্ষ বলছে, লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারাফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী-সন্তানকে দেখতে সাদ্দামকে মিনিট পাঁচেক সময় দেওয়া হয়। 

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কারাগারে রয়েছেন।

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পাশেই নিথর পড়েছিল ৯ মাসের শিশু নাজিম।

পুলিশ ও সাদ্দামের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী। 

পুলিশ জানায়, সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে এই কারাগারে বন্দি রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। দেখার প্রক্রিয়া শেষ হওয়ার পর পুনরায় তার নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে।