ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নারীর কণ্ঠস্বর জোরদারে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এ প্রশিক্ষণের আয়োজন করে।
“নারীর ভোট, নারীর কণ্ঠস্বর” প্রকল্পের আওতায় স্থানীয় এনজিও স্বনির্ভর সহায়তায় দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন চ্যানেল-২৪-এর ক্রাইম রিপোর্টার সজল সাইক। তিনি নির্বাচনকালীন প্রতিবেদন, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা এবং নির্বাচনী অনিয়ম ও সহিংসতা কাভার করার বাস্তব অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাগরিক পর্যায়ে নারীর কণ্ঠস্বর জোরদার করা এবং দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরিতে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণ চলাকালে নির্বাচন পর্যবেক্ষণে নাগরিক সাংবাদিকতার ভূমিকা, তথ্য সংগ্রহ ও যাচাই পদ্ধতি, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচার শনাক্তকরণ এবং দায়িত্বশীলভাবে সংবাদ ও প্রতিবেদন প্রকাশের কৌশল নিয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণে ২০ জন অংশগ্রহণকারী অংশ নেন। এদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, উদীয়মান ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ ছিলেন নারী, যা নারীদের তথ্যভিত্তিক ও সক্রিয় নির্বাচনী অংশগ্রহণে এই উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।
