টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের দুই শ্রমিকের বিরুদ্ধে। হত্যার পর বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করারও অভিযোগ উঠেছে ওই শ্রমিকদের বিরুদ্ধে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার ঘোষাখালি গ্রামের মোতাহার সিকদার ঠান্ডু (৮০) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে উত্তরবঙ্গের দুই শ্রমিককে কাজ করার জন্য বাড়িতে নিয়ে আসে। গত রাতে ওই পরিবারের বৃদ্ধ ঠান্ডু পেটব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খাওয়ায়। বৃদ্ধের ছেলের বউ সকালে শ্বশুর-শাশুড়িকে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করে। পরে ঘরের বারান্দার দরজার পাশে টিন কাটা দেখতে পান।
এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা বিছানায় পড়ে আছে। ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো ছিল।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রমিকরা শ্বাসরোধে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
