চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫২ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। ওইদিন তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি নির্বচনী জনসভায় অংশ নেবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামী-র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জামায়াতের জেলা আমির আবু জার গিফারী।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত এবং বৈষম্যমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা করবে। ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। জনসভায় ১ লাখ মানুষের সমাগম হবে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর সমস্যা-সংকট ও দাবি সম্পর্কে অবগত আছেন জামায়াতে ইসলামীর আমির। তাঁর বক্তৃতায় জেলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী মো. মিজানুর রহমানসহ অন্যরা।
