জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

জামায়াতে ইসলামী মহিলাদের বাইরে কাজ করতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পোষ্টের প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সকালে দেখলাম মেয়েরা নাকি মিছিল করতেছে, আমি জানি না কতটুক সত্য কি মিথ্যা। জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি সেটা জানি না সাংবাদিক ভাইদের কাছে শুনলাম। এইটা যদি হয়েই থাকে তাহলে অন্যায় হয়েছে।
তিনি আরও বলেন, মহিলারা কখনো এটা মেনে নিতে পারবে না। মহিলা লোক নাকি কাজ করতে পারবে না, মহিলা লোক ঘরে থাকবে। মহিলারা গার্মেন্টস এ যারা কাজ করে তারা নাকি ৫ (পাঁচ) ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। যদি কাজ না করে তাহলে খাবে কি? কোনো সরকার কাজ না করলে টাকা দিবে না। জামায়াত এই দেশটাকে আফগানিস্তান করার চেষ্টা করছে। আমরা পিছনে যেতে চাই না নারী পুরুষ একসাথে থাকতে চাই।
ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।
