পটিয়ায় আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েছকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কায়েছ পটিয়া উপজেলা কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ইউসুফ সওদাগরের ছেলে। মো. কায়েছ ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে পটিয়া কাশিয়াইশ ইউপি নির্বাচনে বিএনপির হয়ে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এএসআই মো. মিজান। 

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার বুধপুরা বাজার এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ সোহেলকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মো. কায়েছকে প্রধান আসামি এবং মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খান, মোহাম্মদ আজগর ও কায়সার উদ্দিন জনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সোহেল ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার সোহেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করেছে। যেহেতু মামলাটি পটিয়া থানায়, সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।