নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

চাকরিতে দশম গ্রেডসহ ৪ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সড়কটি অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাসে দুপুর ১টা ৫০ মিনিটে অবরোধ তুলে নেন তারা।
স্থানীয় এলাকাবাসী জানান, আজ সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা হঠাৎ করেই ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এরপর তারা সড়কের ওপর গাছের গুড়ি ও বেঞ্চ বসিয়ে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ করে দেয়। এতে করে রাস্তার দুইপাশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এসময় ছাত্ররা তাদের ৪ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের এই অবরোধের ফলে সড়কের দুইপাশের যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে পড়ে। এতে করে যাত্রীসহ রোগীরা পড়েন চরম ভোগান্তিতে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের সাথে সাথে আলোচনার করে দাবি পূরণের আশ্বাসে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে অবরোধ তুলে নেয়।
