পাবনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

এর আগে বিভাগীয় কমিশনার ও ডিআইজি মহোদয় জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁদের ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে কাজের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সকল দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং কার্যকর প্রস্তুতি গ্রহণে আমরা মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা প্রদান করেছি।”

পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।

সভায় নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন, পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা করা হয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।