লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করায় অর্থদণ্ড
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদান করায় মোহাম্মদীয়া বেকারী নামের প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম।
অভিযানে অংশগ্রহণকারী বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে মোহাম্মদীয়া বেকারিতে বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ব্যাতীত বিস্কুট, কেক, ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ, পরিদর্শক (মেট্রোলজি) শামস তাবরেজ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
