সাংবাদিক শিমুল হত্যার ৯ বছরেও শুরু হয়নি বিচার কাজ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত সাংবাদিক শিমুল হত্যার দীর্ঘ ৯ বছর পার হলেও এখনও বিচার কাজ শুরু হয়নি। তিনি সমকালের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।
সাংবাদিক শিমুল হত্যার নবম বার্ষিকী উপলক্ষে সোমবার শাহজাদপুর প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শিমুল হত্যার ৯ বছর পার হলেও বিচারকাজ শুরু হয়নি। বর্তমান সরকার অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার শুরু করবে বলে আশা করা হচ্ছে।
প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সাবেক সভাপতি বিমল কুমার কুন্ডু, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সাগর বসাক প্রমুখ। আলোচনা সভা শেষে নিহত শিমুলের রুহের মাগফেরাতে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র ও ছাত্রলীগ নেতার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক শিমুল। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন শিমুল। পরদিন বগুড়া শজিমেক থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
শিমুলের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
২০১৮ সালের ২২ জানুয়ারি এ মামলা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং পরবর্তীতে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ শিমুল হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে প্রজ্ঞাপন জারি করে।
২০১৯ সালের ৪ জুলাই এ মামলা রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরবর্তীতে আসামিপক্ষ হাইকোর্টে রিট করে এটি স্থগিত করে। বাদী সুপ্রীমকোর্টের আপিলেড ডিভিশনে লিভ টু আপীল করলে আপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১৯ সালের ৩ ডিসেম্বর ৬ সপ্তাহের মধ্যে রুল নিস্পত্তির নির্দেশ দেন।
