হাজীগঞ্জে ছাতা মার্কার পক্ষে ১১ দলীয় ঐক্য জোটের পথসভা

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে ছাতা মার্কার পক্ষে হাজীগঞ্জ উপজেলাধীন ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন এবং ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী পালিশারা, মালিগাঁও, পয়ালজোশ, পূর্ব কাসিমপুর বাইল্লার গোয়ার্ডে, কাসিমপুর বাজার, দেশগাঁও, বটতলা, ডাটরা-শিবপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এবং এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. নেয়ামুল বশির।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে ১১ দলীয় জোট সরকার গঠনের মাধ্যমে এ দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, জামায়াত ইসলামী উপজেলা আমীর বিএম কলিম উল্ল্যা, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সাবেক উপজেলা আমীর হাফেজ মাওলানা মীর হোসাইন, ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ নুরুন নবী, শ্রমিক নেতা মো. মনির হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিউদ্দিন কোরাশী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইব্রাহিম খলিল, যুবনেতা মো. আব্দুল হামিদ, মো. বেলায়েত হোসেন, জুলাই যোদ্ধা মো. মীর হোসাইন প্রমূখ। সঞ্চালনা করেন ওলামা আব্দুল করীম।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।