দর্শনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বারাদী সড়ক পার হওয়ার সময় সড়কে কাজ করতে থাকা একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি এবং ঘটনাস্থলেই মারা যায়। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল বলেন, ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
