গোমস্তাপুর থানা চত্বরে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা ও স্থানীয় একটি বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে গোমস্তাপুর বাজারের একটি (বাসস্ট্যান্ডে) ও গোমস্তাপুর থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, মঙ্গলবার দিবাগত রাতে থানা ও একটি বাজারে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কে বা কারা, কি উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া, পুলিশের একটি টিম ঘটনাস্থলের আলামত সংগ্রহে কাজ শুরু করে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সমগ্র উপজেলা এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
