রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ে রেঁস্তোরা মালিক ও কর্মীদের প্রশিক্ষণ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রেঁস্তোরা মালিক ও খাদ্য কর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার বিকেলে নগরীর একটি চাইনিজ রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি আলহাজ নুরুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের উপপরিচালক মোহাম্মদ লোকমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও নাইস প্রকল্পের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ। প্রশিক্ষণে রেঁস্তোরা মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী মালিক ও খাদ্য কর্মীদের বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয় উপস্থাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় হোটেল ও রেঁস্তোরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিমান সংরক্ষণ, পবিত্র রমজান মাসে খাদ্যের নিরাপত্তা, অতিরিক্ত ভাজা-পোড়া পরিহার, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, বাসি-পঁচা খাদ্য পরিহার করা, খাদ্যে খবরের কাগজ ব্যবহার পরিহার করা এবং কোলেস্টেরলের ক্ষতিকর দিক বিষয়ে মূল্যবান পরামর্শ ও শিক্ষা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ শহিদ আক্তার সোহেল, সহ-সভাপতি আসলাম হোসেন, আব্দুল খালেক, আজিজুল ইসলাম ও আব্দুল কাবিউল পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বানিউল আদম বাবু ও মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, জাহেদুল ইসলাম, এএসএম মনিরুজ্জামান মনির ও বদিউল ইসলাম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী লাকু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাতুল ইসলাম বাঁধন, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মকছুদার রহমান এ সময় উপস্থিত ছিলেন।
