ষষ্ঠবারের মতো মাগুরার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ড. মুসাফির নজরুল
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

ষষ্ঠ বারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছে ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলনকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষ্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’-শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ২০২১ সালে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল নব্বই দশকের শেষভাগ থেকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও লিটল ম্যাগে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার ছাপা হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ : ‘শেষ দেখা বেলা’ (১৯৯৮), ‘বিশ্বাসের বেসাতি’ (১৯৯৯), ‘নব্বই দশকের প্রেমের পদাবলী’ (১৯৯৯)। ‘সুকান্ত সমগ্র’ (সম্পাদনা-২০০৫), ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’ (২০০৯), ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’ (২০২১), মুক্তিযুদ্ধে শ্রীপুর (সম্পাদনা-২০১৭), মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রেষ্ঠ উপন্যাস’ (ভূমিকা ও সংকলন) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘জননী’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অহিংসা’ (ভূমিকা) ২০১৯, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ নদী সবুজ বন’ (ভূমিকা) ২০১৯ প্রভৃতি।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, নাট্য ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ড. মুসাফির নজরুল ২০১৮, ২০১৯ ও ২০২২, ২০২৪ ও ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে যথাক্রমে শ্রীপুর উপজেলা ও মাগুরা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি অনুবাদ সাহিত্যে ‘নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক-২০০৮’, 'ঢাকাস্থ ‘আট-ই ফাল্গুণ স্মৃতি সংসদ সম্মাননা পদক-২০০৯’, ‘মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ সম্মাননা পদক-২০২৩’ ও ‘মাগুরা জেলা প্রশাসন সম্মাননা পদক-২০২৪’ লাভ করেন।
