রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

‘জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুরের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়।
বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়ে বিভাগীয় গণগ্রন্থাগার সেমিনার কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ এনামুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রংপুর রেঞ্জ জয়নাল আবেদীন, সম্মানিত অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (লাইব্রেরি) আব্দুস সামাদ প্রধান।
আলোচনা অনুষ্ঠানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুরের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপপরিচালক সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র লাইব্রেরিয়ান আবেদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, এই গ্রন্থাগারে প্রায় ৫০ হাজারের বেশী বই ও ১৯ হাজারের বেশী ই-বুক রয়েছে। এখানে কিছু ঘাটতি রয়েছে। যা খুব দ্রুত পূরণ করা হবে। আগামীতে শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি করা হবে যা আমি থাকাকালীন করবো। লাইব্রেরিতে আসলে যেন সকলে শান্তির আশ্রয় খুঁজে পায়। এখান থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে কাজে লাগায়। শিশুদের মনোবল বৃদ্ধি করে। ছাত্র ছাত্রীদের নিজেদের তৈরি করতে চ্যালেঞ্জ মোকাবেলায় অবশ্যই তার জন্য লাইব্রেরি খুবই প্রয়োজন।
তিনি বলেন, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে যেখানে পাঠদান হয়ে থাকে কিন্তু সেটা সীমাবদ্ধ পাঠদান। বাড়তি কিছু পেতে হলে অবশ্যই লাইব্রেরি মুখি হতে হবে তবেই বাড়তি জ্ঞান অর্জন করা সম্ভব। এখানে অনেক সুবিধা রয়েছে। আমি আমার বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস বই খুব একটা পরিনি। আমি আমার আশপাশে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই নিয়ে পড়াশুনো করেছিলাম, এ থেকেই আমি বেশী উপকার পেয়েছি। বিসিএস পরীক্ষায় ১৪তম স্থানে ছিলাম। তাই আমি বলবো অবসর সময় বাহিরে আড্ডা না দিয়ে লাইব্রেরিমুখি হোন, এতে করে নিজের উপকার হবে।
আলোচনা শেষে বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়া ১৭৩ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২ জনের মাঝে প্রধান অতিথিসহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
