ঈশ্বরগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আলোচনা সভা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এ সভা সম্পন্ন হয়।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহ নূরুল কবির শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মঈনুদ্দিন খান তানভীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মুফতী হাবিবুল্লাহ সাহেব, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, মুফতি তাজুল ইসলাম সাহেব, সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ময়মনসিংহ জেলা, উবায়দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং মামুনুর রশীদ সিদ্দিকী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা দক্ষিণ।

সভায় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুব আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ ফারুকী, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের।

বক্তারা সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।