সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এ স্লোগানকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের লাইব্রেরিমুখী হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়িতে লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান স্বপনা খাতুন, জুনিয়র লাইব্রেরিয়ান সজিব আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
