সিরাজগঞ্জে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হতভাগ্য ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলে ওই উপজেলার ভেড়াকোলা বিলে অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং বৃহস্প্রতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরনে একাধিক জামা কাপড় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই বিলে কে বা কারা তার লাশ ফেলে রেখেছিল।

তবে তার ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।