মুন্সীগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মো. শাহ সানিয়াত (৩২) ও হোসাইন মোহাম্মদ সাকিব খান (৩০)।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝি (৩০) নামের অপরজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে জানতে পারে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়, অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।