যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায়: হাবিবুর রহমান হাবিব

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায়না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী গণসংযোগে ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড হাসপাতাল সড়কে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণে দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।

বিএনপির এই নেতা বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না; আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। বিএনপি ১৮ কোটি মানুষের কর্মের ব্যবস্থা করতে চায়।

তিনি বলেন, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এনিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরীতে ব্যস্ত।

হাবিবুর রহমান হাবিব বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আহমেদ বকুলের সভাপতিত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মো. রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাদ আহমেদ নাদু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুবদল নেতা মঞ্জুর হাসান হিরো, খোরশেদ আলম দিপু, সাইফ হাসান সেলিম, রাকিবুল হাসান আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।