চৌগাছা সীমান্ত থেকে ৪টি এয়ারগান ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহল দল এই সফল অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৪টি ভারতীয় এয়ারগান ও ০১টি বিদেশি গ্যাস পিস্তল উদ্ধার করা হয়।

এছাড়াও অস্ত্রের আনুষঙ্গিক সরঞ্জাম হিসেবে ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ জব্দ করা হয়। বিজিবির হিসেবে উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও সহিংস কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সীমান্তে নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি এই সফল অভিযান পরিচালনা করেছে।

সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।