চবিতে ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবা উদ্বোধন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সহযোগিতায় চবি ক্যাম্পাসে ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জনাব ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য জনাব সোহানুর রহমান সোহান, চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব আবদুল আহাদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, এই ২৪/৭ জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করবে এবং ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সুযোগ সঠিকভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে সহায়তা করবে।
এই ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময়ে প্রয়োজনীয় জরুরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এ হেল্পলাইনের আওতায় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
