কৃষকের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: তারেক রহমান
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ
নীলফামারী প্রতিনিধি

উত্তরাঞ্চল কৃষিনির্ভর অঞ্চল হওয়ায় এ এলাকার উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৃষক ভালো থাকলেই দেশের অগ্রগতি নিশ্চিত হবে।
শনিবার দুপুরে নীলফামারী পৌর মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সরকার গঠিত হলে কৃষকদের জন্য কৃষি উপকরণ সহজলভ্য করা হবে এবং প্রান্তিক কৃষকদের কৃষিঋণের একটি অংশ (দশ হাজার টাকা পর্যন্ত) মওকুফের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নীলফামারীকে একটি আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তর করা হবে। বেকার যুবসমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান জানান, সামাজিক নিরাপত্তা জোরদারে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে গতি আসবে। একই সঙ্গে রাস্তাঘাট উন্নয়ন, নতুন স্কুল-কলেজ ও মেডিকেল কলেজ নির্মাণ এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান। নীলফামারীতে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করেছে তারা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তাদের শরিক শক্তি দেশ নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ ও ৪ আসনের ধানের শীষের প্রার্থীরা এবং নীলফামারী-১ আসনের খেজুর গাছ প্রতীকের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
