নির্বাচন ঘিরে ২১ উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়ন ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৯ জানুয়ারি থেকে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩৫ প্লাটুন বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে।

অধিনায়ক আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ড্রোন, কে-নাইন ডগ স্কোয়াড, বডিওর্ন ক্যামেরার পাশাপাশি ৩৪০টি টহল, ৫০টির বেশি যৌথ অভিযান, ১৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে বলেও জানান তিনি।