জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেয়।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্নভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের খবর পাওয়া গেছে।

যোগদানকারীদের মধ্যে কয়েকজন নেতাকর্মী জানান, দীর্ঘ চিন্তা-ভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে দলটি দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে ঐ আসনের জামাতের এমপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এটি সংগঠনের শক্তিকে আরও সুদৃঢ় করবে ইনশাআল্লাহ। তিনি সকলকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।