সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে: মুহা. আব্দুল খালেক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের উদ্যোগে নির্বাচনী মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।’
নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, ‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেওয়া যাবে না। প্রশাসনের ভেতরে ও বাহিরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।’
সাতক্ষীরা সদর-২ আসন কমিটির পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পাটির আহ্বায়ক, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।
দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলে হাজার-হাজার জামায়াত কর্মী অংশ নেন। মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রেসক্লাব, বড়বাজার রোড হয়ে তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোটচত্ত্বর, আসিফ চত্বর, খুলনারোড মোড় হয়ে নারকেলতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।
মিছিলটি সড়ক অতিক্রম করার সময় অনেক পথচারী, দোকানদারেরা হাত নেড়ে দাঁড়িপাল্লা প্রতীকের সম্মতি জানান।
