সেনবাগে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর; আহত ২০

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী ২ সেনবাগে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক ও স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে দাওয়া-পালটা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া উভয় পক্ষের কমপক্ষে ২০ জন নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন। এই ঘটনায় পক্ষদ্বয় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি থানায় অভিযোগ করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনবাগ বাজার ও কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান অভিযোগ করে বলেন, রোববার বিকেল থেকে সেনবাগের কাবিলপুর ইউনিয়নে ছমির মুন্সিরহাটে গনসংযোগ করেন তিনি। গণসংযোগ শেষে সেনবাগ বাজারে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিলদার মার্কেট এলাকায় ধানের শীষের সমর্থকরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনার ফলে তার গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। প্রতিবাদে ঘটনার এক ঘন্টা পর তার সমর্থকরা সেনবাগ বাজারে বিক্ষোভ মিছিল করলে সেখানেও জয়নুল আবদিন ফারুকের সমর্থকরা তার লোকের উপর হামলা চালায়। উভয় হামলায় কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবাদে কাজী মফিজের সমর্থকরা সেনবাগ বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় উভয় গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হন। একই সময় বিএনপি প্রার্থী তথা ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এই ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্দেশে তার সমর্থকরা সেনবাগ বাজারে তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তার ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন:- সেনবাগ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন খোকন, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সানদন হোসেন রাজু, ছাত্রদল নেতা গল্প, ছাত্রদল নেতা প্রান্তসহ ৮ জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনার পর তার কর্মী সমর্থকরা ধাওয়া করলে কাজী মফিজ তার লোকজন নিয়ে পিছু হটে বাজার থেকে চলে যান।

সেনবাগ থানার কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার রোববার রাত ১০টার সময় জানান, বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক ও স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে সন্ধ্যায় দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপির সদস্যদের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেনবাগ বাজারে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।