চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের নির্বাচনী জনসভা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গার মানুষ বিগত দিনের পরীক্ষিত বিএনপিকেই ভোট দিতে চায়। এর কারণ বিএনপির হাত ধরেই এ দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। আমাকে ভোট দিলে আমি চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো। আমি অথবা আমার কোনো সহযোগী বা সহকর্মীর কাছ থেকে যদি কোনো মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।
এসময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করবেন এবং সকল কৃষক কৃষি কার্ড পাবেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন, দেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কর্নেল (অব.) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলহাজ্ব সাহেদুজ্জামান টরিক সিআইপি, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।
এসময় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
