জুলাই যোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখা হবে: এমপি প্রার্থী মমিনুল
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের গণমানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি সরকারে গেলে জুলাই যোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখা হবে।
বিএনপি সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের সম্মানে আগামীতে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করা হবে। সংবাদপত্র, ইউটিউব ও ফেসবুকে বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিএনপি স্থানীয় নির্বাচনে কোনো জাতীয় প্রতীক না রেখে সবার অংশগ্রহণের সুযোগ দেবে এবং যোগ্য ব্যক্তিকে আপনারা প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।
বিচার বিভাগ স্বাধীনভাবে চলার জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে। শালিসি বৈঠকের মাধ্যমে ইউপি কার্যালয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। ভূমি অফিসের দুর্নীতি রোধে বিএনপি সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ঘুষ বাণিজ্য বন্ধ করে প্রত্যাশিত সেবা প্রদান করা হবে। সমাজে যে হারে মাদকের প্রবণতা বেড়েছে তা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
বিগত সময়ে পুলিশ বিনা কারণে যেভাবে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠানোর প্রবণতা ছিল তা বন্ধ করা হবে। বিনা ওয়ারেন্ট হাজীগঞ্জ-শাহরাস্তির একটি মানুষকেও গ্রেফতার করা হবে না।
ধর্ম নিয়ে বিএনপি সমতার দৃষ্টিতে দেখবে, কোনো অবস্থায় সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হবে না। হিন্দু সম্প্রদায়ের কোনো বিচারে বিএনপির নেতাকর্মীরা হস্তক্ষেপ করতে পারবে না।
এলাকায় নানা প্রতারক সৃষ্টি হয়েছে, এসব টাউট-বাটপারদের সাবধান করে দিতে চাই—কোনোভাবে কাউকে ঠকিয়ে পার পাওয়া যাবে না।
আগামী বিএনপি সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এজন্য আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আরও অনেক কমিউনিটি ও পল্লী চিকিৎসকদের উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আগামীতে বিএনপি দেশের প্রায় সকল খাল খনন করবে। বিভিন্ন ভাতার বাইরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দারিদ্র্য দুর্দশা কমানোর ব্যবস্থা করা হবে।
আমাদের নেতা তারেক রহমান একটি প্ল্যানের কথা বলেছেন, সেই সুবিধা পুরো জাতি ভোগ করতে পারবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির মার্কা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে সকলের সহযোগিতা কামনা করছি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে সর্বশেষ নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় জেলা, উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
