পদ্মাসেতু টোলপ্লাজায় নির্বাচনী ছুটিতে ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। বেশিরভাগ মানুষের লক্ষ্য গ্রামের বাড়িতে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এমনটা জানান আধিকাংশ ঘরমুখো যাত্রী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে যাত্রীবাহী বাসের তেমন চাপ না থাকলেও স্থানীয় কয়েকটি পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে।

সকাল থেকে টোলপ্লাজা এলাকায় গ্রামমুখী মানুষের ঢল নামতে দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেলে করে অনেকে পরিবার-পরিজন নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এতে টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়।

অন্যদিকে, প্রত্যাশিত যানজট না থাকলেও এক্সপ্রেসওয়ের নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর ছনবাড়ী এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের দাবি, বাসগুলোতে ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টোপেজ থেকে যাত্রী তোলা হচ্ছে না। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

নিমতলা এলাকায় অপেক্ষমাণ মামুন নামে এক চাকরিজীবী বলেন, সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস গেলেও আমাদের নেয়নি। 

কহিনুর নামে এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চা নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না।

তবে এক্সপ্রেসওয়েতে সার্বিকভাবে যানবাহনের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, নির্বাচনী ছুটিতে যাত্রীচাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।