সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন সেনা সদস্যরা। ভোট কেন্দ্র ভীতিকর ও প্রভাবমুক্ত রাখতে কাজ করছেন তারা।

সাতক্ষীরা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, জেলার সার্বিক নিরাপত্তার জন্য ছয়শ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনা টহল জোরদার করার পাশাপাশি মানুষের মনে যাতে কোনো ভয় ভীতি না থাকে, সেজন্য এলাকাবাসীদের সাথে কথা বলা হচ্ছে। কেউ তাদের হুমকি দিচ্ছে কিনা। হুমকি পেলে যাতে নিকটস্থ ক্যাম্পে জানানো হয়, সে বিষয়ে অনুরোধ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনা সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন তারা।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।