ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২২ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিককে আটক করা হয়।

একই দিন ডিবি পুলিশের অপর একটি দল ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পশ্চিমপাড়া এলাকা থেকে মো. মমিনুর ইসলাম খোকন-কে (৩৩) গ্রেপ্তার করা হয়। আটক মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।