মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে কিশোরের ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সকালে পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকার খান বাড়ির ভাড়াটিয়া সাফিয়া বেগম (৫০) মুন্সীগঞ্জ সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার মসজিদসংলগ্ন মানুম মিয়ার বাড়ির সামনে সাফিয়া বেগমের ছেলে মনির মিয়া (১৬) একা অবস্থান করছিল। এ সময় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিনোদপুর ও দয়ালবাজার এলাকার মামুন (৪৫), শাহীন (৪০), বুলবুল (৩৫), জনি (৩৭), আলিপ (১৮), জিসান (২০), জুয়েল (৩৩) ও কাউছার (২২) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা আহত মনির মিয়াকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা সাফিয়া বেগম বলেন, “পূর্ব বিরোধের জেরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমার ছেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা সজিব দে বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”