ঈশ্বরদীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়ায় ওয়াসা প্রকল্পের গেস্ট হাউজসংলগ্ন একটি স্টোররুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল ও একটি একনলা বন্দুকসহ শাহিন (২০) নামের এক যুবককে আটক করা হয়।

আটক শাহিন ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের কামাল হোসেনের ছেলে।

আটক শাহিনের দেওয়া তথ্যমতে তার সহযোগী ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিক (৪৭)-কে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

এদিকে একই দিন ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের দেওয়া তথ্যমতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও মোট ৫৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

মমিনুর ইসলাম খোকন (৩৩) ঈশ্বরদী উপজেলার বড়ইচারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।