নোয়াখালীর ৬ আসনে ৮৭৫ ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের নয়টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম।

বুধবার সকাল থেকে জেলার নয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে নির্বাচনী সরঞ্জাম ছয়টি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৬৫০ জন, নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা।

এছাড়া জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে সাত বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন।

এর মধ্যে সেনাবাহিনীর ৭০০ জন, বিজিবির ২৫০ জন, পুলিশের ২ হাজার ৬৫০ জন, র‌্যাবের ১০০ জন, নৌবাহিনীর ২৪০ জন, কোস্টগার্ডের ১ হাজার ৬৪ জন এবং আনসারের ১১ হাজার ৩৭৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।