গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছেন। বিস্ফোরণে কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩)।

ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্র লক্ষ্য করে পাশের খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দুদুই আনসার সদস্যসহ তিনজন আহত হন।

তিনি আরও জানান, বিকট শব্দে কেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।