ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৬
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পর ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব মাকহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় অবিস্ফোরিত অবস্থায় ২১টি তাজা ককটেল উদ্ধার হয়।
আটককৃতরা হলেন— ইমরান হোসেন (৩৪), হাবু মাঝি (৪৫) জয় মাঝি ওরফে পারভেজ মাঝি (২৫), কামাল সরকার (৪০), রহমত মাঝি (৩৯) ও নাহিদ শিকদার (৩৮)।
১৯ বীর মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ জানান, সকাল ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর টহল টিম এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এসময় সেনাবাহিনীকে দেখে আলু ক্ষেত দিয়ে দৌড়ে পালাতে গেলে ধাওয়া করে পাঁচজন ও এর আগে আরও একজনসহ সর্বমোট ছয়জনকে আটক করা হয়।
তাদের দেখানো জায়গা থেকে একটি একনলা বন্দুক ও ২১টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
