সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সমূহে ভোট গণনাও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ জেলার ৯টি উপজেলার ৬টি সংসদীয় আসনে ৯২৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রসমূহে ভোটগ্রহণ চলাকালে তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রের বাইরে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র সমূহে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকায় কেন্দ্রসমূহে ভোটারদের অন্যতম নিরাপত্তা ছিল। কেন্দ্র সমূহে সকাল থেকেই পুরুষ ভোটারের নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। অনেক ভোটার বলছেন, দীর্ঘদিন পর আনন্দমুখর পরিবেশে ভোট দিয়েছি এবং কোনো ভয়ভীতি নেই বলে তারা উল্লেখ করেন।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মুগবেলাই হাই স্কুল কেন্দ্রে বৃদ্ধ সেকেন্দার আলী (৮০) বলেন, দীর্ঘদিন পর লাঠি ভর দিয়ে ভোট দিতে এসেছি এবং ভোট দিতে পেরে খুশি হয়েছি।

একই এলাকার কোনাবাড়ি হাই স্কুল কেন্দ্রে মাঠে দেখা হয় বৃদ্ধা রহিমা বেগমের (৯২)। তিনি ভ্যানে করে এসে ভোট দিতে পেরে খুশি হয়েছেন।

এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রভাব বিস্তারের ঘটনায় ৪ জনকে জরিমানা এবং প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার করা হয়। এছাড়া সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দেওয়ার চেষ্টায় এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিশেষ করে সেনা, বিজিবি, পুলিশ ও র‌্যাবের ভূমিকার প্রশংসা করছে জনগণ।

এ বিষয়ে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলছেন, কেন্দ্র সমূহে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্র সমূহে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেছেন। এ কঠোর দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।