চাঁদপুরে জালভোট দেওয়ায় ৫ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার কারণে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে এসব ব্যক্তিদের কারাদণ্ড প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর-(১) কচুয়া আসনের তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার চাওয়ায় মো. ছফিউল্লাহর ছেলে মো. হেলালকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। একই ঘটনায় ওই কেন্দ্রের একজন আসামি শিশু হওয়ায় তাকে কচুয়া থানায় সোপর্দ করে নিয়মিত মামলার নির্দেশ দেন বিচারক।
এদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টা ও দেয়ায় পিতা-পুত্রসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার পুত্র মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ওই গ্রামের আবু সৈয়দের পুত্র মো. সজিবকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, জাল ভোট দেওয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে দুপুরে একই আসনের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে মো. নাহিদ (২৫) নামে যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হিমাদ্রী খীসা। নাহিদ মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির কামাল হোসেন-এর ছেলে।
