মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ | অনলাইন সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি

মধ্যরাতে হঠাৎ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়।
রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে ওই ব্লকের বাসিন্দারা সহযোগিতা করছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।
