রাজবাড়ীর দুই আসনেই বিএনপি প্রার্থীর জয়, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ
কামাল হোসেন, রাজবাড়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর-রশিদ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে দুটি আসনেই অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। ফলে বিজয়ী প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়েছেন। এছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬টি। ভোট প্রদানের হার ছিল ৬৩ দশমিক ২০ শতাংশ।
গণভোটে এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ২২৫টি। মোট গণভোট দিয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন। বৈধ গণভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিল হয়েছে ২৬ হাজার ৮৮১টি।
অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। ফলে বিজয়ী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীকে ৩৬ হাজার ৩৩৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫২, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে ১ হাজার ২১৯, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ ট্রাক প্রতীকে ৬৩৩, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম দেয়াল ঘড়ি প্রতীকে ৩২১ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল ছড়ি প্রতীকে ২৬৬ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ এবং বাতিল হয়েছে ৯ হাজার ৩০৯টি। ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৮৯ শতাংশ।
গণভোটে রাজবাড়ী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭টি। মোট গণভোট দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। বৈধ গণভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিল হয়েছে ৩৯ হাজার ৫১২টি।
নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজবাড়ীর দুই আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
