সিরাজগঞ্জের ৫ আসনে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী জয়ী

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থীরা। আর একটি আসনে বিজয়ী হয়েছেন জামায়াত (দাড়িঁপাল্লা) প্রার্থী।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেছেন।

ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৬টি আসনের ৯২৩টি কেন্দ্রসমূহে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের ১৬৫ কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৬২ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ১৫৮ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ (রিকশা) ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির এম আকবর আলী ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ১৩১টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৮২ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। 

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি প্রার্থী ডা. এম এ মুহিত ১৬০ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ (শাপলা কলি) ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট পেয়েছেন।