এ বিজয় ধানের শীষের বিজয়, ব্যক্তিগত কোনো কৃতিত্ব নয়: হারুন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন বলেছেন, “রাজবাড়ী-২ আসনে ধানের শীষের যে বিশাল বিজয় হয়েছে, এটি ধানের শীষের বিজয়, এটি জিয়া পরিবারের বিজয় এবং সর্বোপরি এটি জনগণের বিজয়। এখানে ব্যক্তিগতভাবে আমাদের কারও কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাংশায় বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, জিয়া পরিবারের প্রতি দলের নেতাকর্মী ও সমর্থকদের অগাধ বিশ্বাস ও ভালোবাসাই এই বিজয়ের মূল শক্তি। 

তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার। দীর্ঘ ১৭ বছর ধরে যে ত্যাগ, লড়াই, আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও নিপীড়ন সহ্য করা হয়েছে, সেটিরই প্রতিফলন আমরা এই নির্বাচনে দেখেছি।”

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন। “ফ্যাসিবাদমুক্ত একটি দেশের প্রত্যাশায় আমরা যখন আলোর পথ দেখছিলাম, তখনই আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাই। বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন ও আগামীর বাংলাদেশের প্রতীক, তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রতিফলনও এই নির্বাচনে ফুটে উঠেছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে শুরুতে অনেকের মনে শঙ্কা ছিল, ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে কি না। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে শতভাগ সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

হারুন বলেন, “নির্বাচনের দিন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। ঈদ বা পূজার আমেজের মতো পরিবেশ ছিল কেন্দ্রগুলোতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছে। আমি নিজেও পাংশায় আমার কেন্দ্রে এক ঘণ্টা পাঁচ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। একই চিত্র দেখা গেছে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায়।”

তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষায় কাজ করেছে। “মানুষ যদি সুষ্ঠু ভোটের পরিবেশ পায়, তাহলে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকেই বিজয়ী করবে, এই বিশ্বাস আমাদের ছিল। এ নির্বাচনে আমরা সেটিই প্রত্যক্ষ করেছি।”

নবনির্বাচিত এই সংসদ সদস্য সকল ভোটার, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করে যাবেন।