আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দেবে বিএনপি: ব্যারিস্টার খোকন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দেবে জাতীয়তাবাদী দল বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন।
এছাড়াও তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি গুরুত্বসহকারে কাজ করছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বন্ধে বিএনপির জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন পরবর্তী সময়ে সোনাইমুড়ী উপজেলায় নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সময়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো সভ্য রাষ্ট্র টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সাম্প্রতিক সময়ে গুজব, উসকানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে কিছু এলাকায় জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে নিরীহ মানুষ হামলা, লাঞ্ছনা ও সম্পদহানির শিকার হচ্ছেন। এ ধরনের প্রবণতা বন্ধে দ্রুত তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে যোগ করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন আরোও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার, নিরপেক্ষ ও মানবাধিকারসম্মতভাবে কাজ করতে হবে। প্রতিটি জেলায় সমন্বিত মনিটরিং সেল গঠন করে গুজব ও উসকানিমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-পুরোহিতসহ সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহনশীলতা ও আইনের শাসন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এসবই দীর্ঘমেয়াদে মব সহিংসতা কমাতে সহায়ক হবে। রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে বলেন মন্তব্য করেন খোকন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাভাবে আচরণ ও কথা বলার আহ্বান জানান।
এ সময় নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
