ভোট শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড় নোয়াখালীর বাস টার্মিনালে

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন নোয়াখালীর কর্মজীবী মানুষ। ভোট প্রদান শেষে আবার কর্মস্থলে ফিরতে শুরু করায় বৃহত্তর নোয়াখালীর চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী যাত্রীদের চাপ ক্রমেই বাড়তে থাকে।

বিশেষ করে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে ভোট দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত যাত্রী থাকায় এবং পরিবহন কম হওয়ায় কাউন্টারগুলো বেশি মূল্যে ভাড়া নিচ্ছেন।

অনেকেই দুই-তিন দিন আগের রাতেই ভোট দিতে নিজ গ্রামে পৌঁছান। ভোট প্রদান শেষ করেই তারা কর্মস্থলে যোগ দিতে দ্রুত ঢাকায় ফিরছেন। ফলে টার্মিনালে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অনেককে।

ঢাকাগামী এক যাত্রী বলেন, কাজের চাপ থাকলেও ভোট দেওয়ার দায়িত্ব পালন করতে গ্রামে এসেছিলাম। এখন আবার দ্রুত কাজে ফিরতে হচ্ছে, তাই কষ্ট হলেও ঢাকা যেতে হচ্ছে।