চাঁদপুরে অ্যাকশন শুরু হয়েছে: হুঁশিয়ারি নবনির্বাচিত এমপির

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, অ্যাকশন চাঁদপুরে শুরু হয়েছে।

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাইমচরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় তিনি স্পষ্টভাবে জানান, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

এ সময় তিনি আরও বলেন, জমিজমা-সংক্রান্ত কোনো সালিশি বৈঠকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নবনির্বাচিত এই এমপি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা এমপির বক্তব্যকে স্বাগত জানিয়ে উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।