সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ-ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এসআই আলামিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতোমধ্যেই ৩ যুবককে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকার মাহমুদপুর ও মীরপুর মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার ও চুরির ঘটনা নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে ওই দুই মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এসময় ডিজে গান বাজিয়ে ও লাইট জ্বালিয়ে চলে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, দুপুরের দিকে দুই মহল্লাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেপ্তার করে।

এদিকে আবারও সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।